কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জগতে তরুণদের আগ্রহী করতে গুগল একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। তারা কলেজ শিক্ষার্থীদের জন্য এক বছরের ফ্রি ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন ঘোষণা করেছে। যেকোনো ১৮ বছর বা তার বেশি বয়সি কলেজ শিক্ষার্থী, যাদের ই-মেইল ঠিকানায় ‘.edu’ রয়েছে, তারা ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে নিবন্ধন করলে এই সুবিধা পাবে।
এই এআই প্রিমিয়াম সেবার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন গুগলের শক্তিশালী এআই টুল ‘জেমিনি অ্যাডভান্সড’ এবং ‘জেমিনি লাইভ’, যা বাস্তব কথোপকথনের সুবিধা দেয়। এ ছাড়াও, গুগল ওয়ার্কপ্লেসে এআই সহকারী ব্যবহার করে ডকুমেন্ট, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারবে সহজ ও দ্রুত।
অফারের আওতায় থাকছে ‘নোটবুকএলএম’ নামের গবেষণা ও নথি বিশ্লেষণ টুল এবং ‘হুইস্ক’ নামের ছবি ও ভিডিও পুনঃসম্পাদনার পরীক্ষামূলক সুবিধাও। শিক্ষার্থীরা পাবেন ২ টেরাবাইট গুগল ড্রাইভ স্টোরেজও, যা তাদের পড়াশোনার উপকরণ সংরক্ষণের জন্য অত্যন্ত সহায়ক।
বিশ্লেষকদের মতে, গুগলের এই পদক্ষেপ প্রযুক্তি খাতে তরুণদের দক্ষ করে তুলবে এবং ভবিষ্যতের চাকরি বাজারে তাদের প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। ২০২৬ সালে শিক্ষার্থীদের পরিচয় পুনরায় যাচাই করা হবে। গুগলের এই উদ্যোগ প্রযুক্তির ভবিষ্যৎ গঠনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

