প্রযুক্তির দুনিয়ায় আরো একধাপ স্মার্ট হলো গুগল ম্যাপ। এবার স্ক্রিনশট থেকেই লোকেশন শনাক্ত করে ব্যবহারকারীর জন্য সংরক্ষণ করবে গুগলের এই জনপ্রিয় ন্যাভিগেশন অ্যাপ। নতুন এই ফিচারে যুক্ত হয়েছে গুগলের নিজস্ব জেমিনি এআই প্রযুক্তি।
এই সুবিধার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো জায়গার স্ক্রিনশট নিলে তা আলাদাভাবে সার্চ করার প্রয়োজন পড়বে না। গুগল ম্যাপ নিজেই স্ক্রিনশট স্ক্যান করে লোকেশন চিহ্নিত করবে এবং সেভ করার প্রস্তাব দেবে।
এআই ব্যবহার করে গুগল ম্যাপ স্ক্রিনশটে থাকা তথ্য বিশ্লেষণ করে সেই স্থান সম্পর্কিত রিভিউ, নাম, অবস্থান ইত্যাদি শনাক্ত করতে পারবে। এটি ব্যবহারকারীদের একটি ব্যক্তিগত লিস্টে সংরক্ষণের সুযোগও দেবে- যার নাম দেওয়া হয়েছে ‘স্ক্রিনশট’।
আইফোন ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি আপাতত চালু হয়েছে পরীক্ষামূলকভাবে। ফিচারটি ব্যবহারের জন্য প্রথমেই নিশ্চিত হতে হবে, ব্যবহারকারীর গুগল ম্যাপ অ্যাপটি আপডেটেড কি না। এরপর ‘ইউ’ ট্যাবে গেলে দেখা যাবে ‘স্ক্রিনশট’ নামের একটি নতুন প্রাইভেট লিস্ট। সেখানে প্রবেশ করলে একটি ডেমোর মাধ্যমে দেখানো হবে ফিচারটির কার্যপ্রণালী। স্ক্রিনে পপ আপ রিভিউ আসবে এবং ব্যবহারকারীর অনুমতি মিললেই লোকেশনটি সেভ হয়ে যাবে।
দ্রুত গন্তব্যে পৌঁছাতে গুগল ম্যাপের জনপ্রিয়তা বাড়লেও পূর্বে বিভিন্ন দুর্ঘটনার নজির রয়েছে। উদাহরণ হিসেবে, গুগল ম্যাপের দেখানো পথে চলতে গিয়ে এক তরুণ ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে প্রাণ হারান। এমন ঘটনা এড়াতে প্রতিষ্ঠানটি আরও বেশি সচেতন ও উন্নত প্রযুক্তি ব্যবহারে মনোযোগী হচ্ছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ ও ঝামেলামুক্ত করতে এই ফিচারটি চালু করা হয়েছে এবং ভবিষ্যতে আরও আপডেট আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

