প্রযুক্তি বিশ্বের বহুল প্রতীক্ষিত ইভেন্ট গুগল আইও ২০২৫ আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য এই দুই দিনব্যাপী সম্মেলনে গুগল তাদের বহুল প্রতীক্ষিত প্রযুক্তিগত উদ্ভাবন ও উন্নয়ন তুলে ধরবে।
বিশেষজ্ঞদের মতে, এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এআই চ্যাটবট ‘জেমিনি’-এর নতুন এবং শক্তিশালী সংস্করণ ‘জেমিনি আলট্রা’। এর সঙ্গে যুক্ত হতে পারে নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনাও।
এছাড়া মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। এতে নতুন ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষা, উন্নত নোটিফিকেশন ব্যবস্থা এবং অরাকাস্ট সমর্থন যুক্ত করা হচ্ছে- যা ব্যবহারকারীদের আরও প্রতিক্রিয়াশীল এবং সাবলীল অভিজ্ঞতা দেবে।
আইও সম্মেলনে মিক্সড রিয়েলিটির জন্য ‘অ্যান্ড্রয়েড এক্সআর’ এবং পরিধানযোগ্য ডিভাইসের জন্য ‘ওয়্যারএক্সআর’ সফটওয়্যার নিয়েও আলোচনা হবে।
এছাড়া গুগল ক্রোম ব্রাউজার, গুগল ক্লাউড, এবং নতুন এআই ভাষা মডেল ‘লার্নএলএম’-এর হালনাগাদ সংস্করণ সম্পর্কেও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন।
এই সম্মেলন গুগলের ভবিষ্যৎ প্রযুক্তি রোডম্যাপের দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।

