স্যামসাংয়ের আসন্ন ট্রাই-ফোল্ড গ্যালাক্সি স্মার্টফোনে ব্যবহৃত হতে পারে সিলিকন-কার্বন ব্যাটারি- যা কোম্পানিটির জন্য একটি প্রথম। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গিজমোচায়নার বরাতে এ তথ্য জানিয়েছে টিপস্টার ‘পান্ডা ফ্ল্যাশ প্রো’।
সিলিকন-কার্বন ব্যাটারি সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বেশি শক্তি সঞ্চয় করতে সক্ষম, অথচ আকারে হালকা ও পাতলা। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের জন্য আদর্শ, বিশেষ করে স্যামসাংয়ের বহুল আলোচিত ট্রাই-ফোল্ড ডিভাইসের ক্ষেত্রে, যেটি একাধিক ভাঁজের কারণে গঠনগতভাবে জটিল হলেও স্লিম রাখার লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে।
স্যামসাং সূত্র জানিয়েছে, ট্রাই-ফোল্ড ফোনটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ব্যাটারির ধারণক্ষমতা হতে পারে প্রায় ৫৫০০ এমএএইচ, যা বড় হলেও সিলিকন উপাদান ব্যবহারের কারণে ডিভাইসের ওজন ও পুরুত্ব কম থাকবে বলে আশা করা হচ্ছে।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত স্যামসাং আনপ্যাকড ইভেন্টে ট্রাই-ফোল্ড ফোনের ধারণা তুলে ধরেছিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। সেসময় এক্সআর হেডসেট ও এআর চশমাও প্রদর্শন করা হয়।
ব্যাটারিতে সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহারে গ্রাফাইটের পরিবর্তে সিলিকন অ্যানোড ব্যবহার করা হয়, যা কম জায়গায় অধিক শক্তি ধরে রাখতে সক্ষম। ফলে স্মার্টফোন আরও বেশি কার্যকর ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ পাবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।
এদিকে গত বছর হুয়াওয়ে বাজারে আনে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোন ‘মেট এক্সটি আল্টিমেট’, যার দাম তুলনামূলক বেশি হলেও সাত মাসে চার লাখ ইউনিট বিক্রি হয়। এবার স্যামসাংও নিজেদের প্রথম ট্রাই-ফোল্ড ফোন নিয়ে সরাসরি প্রতিযোগিতায় নামছে।
ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ং ও প্রযুক্তি টিপস্টারদের বরাত দিয়ে জানা গেছে, নতুন ফোনটির নাম হতে পারে ‘গ্যালাক্সি জি ফোল্ড’।
টেক বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের সিলিকন-কার্বন ব্যাটারির এই উদ্যোগ স্মার্টফোন প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করতে পারে।

