পুলিশি সেবা ডিজিটালাইজেশনের পথে আরো একধাপ এগোল বাংলাদেশ। আগামীকাল ১ জুলাই থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের অন্তর্গত প্রতিটি থানায় অনলাইনেই করা যাবে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ পুলিশ জনগণের জন্য পুলিশি সেবা সহজলভ্য করতে অনলাইন জিডির আওতা সম্প্রসারণের এই উদ্যোগ নিয়েছে।
এর ফলে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের ১৩৪টি থানায় বসে বসেই নাগরিকেরা যেকোনো ধরনের সাধারণ ডায়েরি করতে পারবেন। আগের মতো শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডির সীমাবদ্ধতা থাকছে না।
উল্লেখ্য, এর আগে শুধুমাত্র সিলেট রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের থানাগুলোতে অনলাইন জিডির পূর্ণাঙ্গ সুবিধা চালু ছিল। এখন তা আরও বিস্তৃত হচ্ছে।
অনলাইন জিডি করতে নাগরিকদের ‘Online GD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই পুনরায় করার প্রয়োজন নেই।
সেবা পেতে কোনো সমস্যার সম্মুখীন হলে ২৪ ঘণ্টা চালু হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

