গুগল ক্রোমের আধিপত্য ভাঙতে নিজস্ব এআই-চালিত ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই। রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউজারটি উন্মুক্ত করা হতে পারে।
তিনটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওপেনএআইয়ের এই ব্রাউজার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা একদম নতুনভাবে গড়ে তুলবে। একই সঙ্গে এটি গুগলের আয়-ভিত্তিক বিজ্ঞাপন ব্যবস্থায়ও চাপ সৃষ্টি করতে পারে, যার একটি বড় উৎস ক্রোমের ব্যবহারকারী তথ্য।
ওপেনএআই চায়, ব্যবহারকারীরা কিছু নির্দিষ্ট কাজ যেমন রেস্তোরাঁ বুকিং বা অনলাইন ফর্ম পূরণ- চ্যাটজিপিটি-ধরনের ইন্টারফেসেই সম্পন্ন করতে পারেন, যাতে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে না যেতে হয়। এটি কোম্পানির বড় পরিকল্পনার অংশ, যার মাধ্যমে তারা ব্যক্তিগত ও কর্মজীবনে আরো গভীরভাবে যুক্ত হতে চায়।
সূত্র মতে, এই নতুন ব্রাউজার নির্মিত হচ্ছে গুগলের ওপেন সোর্স কোড ‘ক্রোমিয়াম’-এর ওপর ভিত্তি করে, যেটি গুগল ক্রোম, মাইক্রোসফট এজ ও অপেরার মতো ব্রাউজারেও ব্যবহৃত হয়। গত বছর ওপেনএআই গুগলের সাবেক দুইজন ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেয়, যারা আগে ক্রোম টিমে কাজ করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, যদি ওপেনএআইয়ের ৫০ কোটির বেশি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী নতুন ব্রাউজারটি গ্রহণ করে, তাহলে গুগলের বিজ্ঞাপন ব্যবসার ভিত্তি দুর্বল হতে পারে। কারণ, গুগলের আয়ের প্রায় ৭৫% বিজ্ঞাপন থেকে আসে, যার পেছনে ব্যবহারকারী তথ্য প্রধান নিয়ামক।
তবে প্রতিযোগিতা সহজ হবে না। স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৩০০ কোটিরও বেশি মানুষ গুগল ক্রোম ব্যবহার করেন, যা বাজারের দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের সাফারির শেয়ার মাত্র ১৬%।
এদিকে পারপ্লেক্সিটি, দ্য ব্রাউজার কোম্পানি ও ব্রেভসহ আরো কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই এআই-চালিত ব্রাউজার চালু করেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ওপেনএআই কেবল প্লাগ-ইন বা এক্সটেনশন নয়, সম্পূর্ণ নতুন ব্রাউজার তৈরি করছে, যাতে ব্যবহারকারী তথ্যের ওপর কোম্পানির নিয়ন্ত্রণ আরো বেশি থাকে।
২০২৪ সালের মে মাসে ওপেনএআই প্রায় ৬৫০ কোটি ডলার খরচ করে অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভের প্রতিষ্ঠিত স্টার্টআপ ‘আইও’ অধিগ্রহণ করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এআই-ভিত্তিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারে আরো দৃঢ়ভাবে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে।

