বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে স্টারলিংক। এই উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের শীর্ষ কর্মকর্তারা।
প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তাঁর সঙ্গে থাকবেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
সরকারি সূত্র জানায়, সফরে প্রতিনিধিদলটি তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো খাতে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্ব নিয়ে আলোচনা করবেন। তারা সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকেও বসবেন। সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা বাংলাদেশে স্টারলিংকের অফিশিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বার্তায় জানায়, লরেন ড্রেয়ারের নেতৃত্বে আসা দলটি বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা, স্থানীয় পর্যায়ে নতুন প্রযুক্তির বাস্তবায়ন এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিয়ে কাজ করবে। তারা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে।
সরকার মনে করছে, স্পেসএক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রেস কনফারেন্সে তারা বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যায় হাতিরঝিলে অনুষ্ঠিত “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে তাঁরা ১৯ জুলাই ঢাকা ত্যাগ করবেন।

