মাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সার্ভার সফটওয়্যারের একটি নিরাপত্তা দুর্বলতা কেন্দ্র করে বিশ্বজুড়ে হ্যাকারদের আক্রমণ বেড়েই চলেছে। হ্যাকাররা শুধু তথ্য চুরি করেই থেমে নেই বরং এবার তারা সরাসরি র্যানসমওয়্যার ছড়িয়ে প্রতিষ্ঠানগুলোর পুরো নেটওয়ার্ক অচল করে দিচ্ছে।
মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, সম্প্রসারিত বিশ্লেষণ ও হুমকি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে- “স্ট্রোম-২৬০৩” নামে পরিচিত একটি হ্যাকার গোষ্ঠী এই দুর্বলতাকে পুঁজি করে হামলা চালাচ্ছে। এ ধরনের র্যানসমওয়্যার আক্রমণে হ্যাকাররা সংস্থার সার্ভারে ঢুকে সব ডেটা এনক্রিপ্ট করে ফেলে এবং পরে মুক্তিপণ হিসেবে ডিজিটাল মুদ্রায় অর্থ দাবি করে।
মাইক্রোসফট বলেছে, সাধারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাইবার আক্রমণ সাধারণত গোপনে তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু বর্তমান হামলায় সার্ভার অচল করে দেওয়ার ফলে আক্রান্ত প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘আই সিকিউরিটি’র তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০০টি সংস্থা আক্রান্ত হয়েছে, যেখানে কয়েক দিন আগেও সংখ্যা ছিল মাত্র ১০০। সংস্থাটির প্রধান হ্যাকার ভাইশা বার্নার্ড মনে করেন, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই এমন কোনো সরাসরি চিহ্ন থাকে না যার মাধ্যমে স্ক্যান করে হামলার প্রমাণ পাওয়া যায়।
এই র্যানসমওয়্যার হামলার ফলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটের একটি গুরুত্বপূর্ণ সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্যান্য সার্ভার বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। প্রথম এই খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
বিশ্লেষকদের মতে, এই বিপজ্জনক সাইবার হামলার মূল কারণ মাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সার্ভারের নিরাপত্তা দুর্বলতাকে যথাসময়ে প্যাচ করতে না পারা। এ কারণে হ্যাকাররা সহজেই সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হচ্ছে।
মাইক্রোসফট এবং গুগল উভয়ই এই হামলার পেছনে চীনা হ্যাকারদের সম্পৃক্ততা থাকার আশঙ্কা প্রকাশ করেছে। যদিও চীনের সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।
বিশ্বব্যাপী প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো বর্তমানে এক নতুন ধরনের নিরাপত্তা হুমকির মুখোমুখি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আরো জটিল আক্রমণের আশঙ্কা রয়েছে এবং সার্ভার সুরক্ষায় অতিরিক্ত সচেতনতা প্রয়োজন।

