ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (ডব্লিউপিসি) ঘোষণা দিয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির নতুন সংস্করণ ‘কিউ-টু’। এই প্রযুক্তি দিয়ে ২৫ ওয়াট পর্যন্ত দ্রুত ও নিরাপদ চার্জিং সম্ভব হবে। এর ফলে ওয়্যারলেস চার্জিংয়ের গতি এখনকার থেকে অনেক বেশি বাড়বে। ধারণা করা হচ্ছে, গুগলের আসন্ন পিক্সেল ১০ সিরিজে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার হতে পারে।
আগে ওয়ানপ্লাস, শাওমি, অপোসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে ৫০ থেকে ৮০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দিয়েছিল। কিন্তু এসব প্রযুক্তি মূলত প্রতিষ্ঠানভিত্তিক, নির্দিষ্ট ফোনেই সীমাবদ্ধ থাকে। অন্যদিকে, অ্যাপল, গুগল ও স্যামসাং দীর্ঘদিন ধরে ডব্লিউপিসি অনুমোদিত স্ট্যান্ডার্ড মেনে চলছে। তাদের ফোনে ওয়্যারলেস চার্জিং গতি ১৫ ওয়াটে সীমাবদ্ধ থাকায় ব্যবহারকারীর আগ্রহ কমেছে।
বিশ্লেষকদের মতে, নতুন ‘কিউ-টু’ প্রযুক্তির মাধ্যমে ওয়্যারলেস চার্জিং আবার জনপ্রিয়তা ফিরে পেতে পারে। বর্তমানে বাজারে বেশিরভাগ স্মার্টফোনে ১০০ থেকে ১২০ ওয়াট পর্যন্ত তারযুক্ত চার্জিং সুবিধা পাওয়া যায়। এতে মাত্র ২০-৩০ মিনিটেই ব্যাটারি পূর্ণ চার্জ হয়। ওয়্যারলেস চার্জিং এ পর্যন্ত তারযুক্ত চার্জিংয়ের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল। কিন্তু ‘কিউ-টু’ শুধু গতি বাড়াবে না, এটি চার্জিং সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ, ব্যাটারির আয়ুষ্কাল রক্ষা এবং নিরাপত্তাও নিশ্চিত করবে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সিলিকন-কার্বন ব্যাটারির মতো আধুনিক ব্যাটারি প্রযুক্তির সঙ্গে ‘কিউ-টু’ এর সমন্বয় স্মার্টফোনের ওয়্যারলেস চার্জিংকে নতুন মাত্রায় নিয়ে যাবে। দ্রুত ও নিরাপদ চার্জিং হলে ব্যবহারকারীর কাছে ওয়্যারলেস চার্জিং পুনরায় গ্রহণযোগ্য হয়ে উঠবে।

