সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ছুটে এসেছে দুটি বিশাল প্রমিনেন্স বা লালাশিখা। বৃহস্পতিবার, ৩১ জুলাই এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস-এর স্পেস রিসার্চ ইনস্টিটিউটের ল্যাবরেটরি অব সোলার অ্যাস্ট্রোনমি এবং সাইবেরিয়ান শাখার ইনস্টিটিউট অব সোলার-টেরেসট্রিয়াল ফিজিক্স।
প্রতিষ্ঠান দুটির যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে, “আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে জুলাইয়ের শেষ দিনে পরপর দুটি প্রমিনেন্স নিঃসৃত হয়েছে। পর্যবেক্ষণ শেষে দেখা গেছে, প্রতিটি প্রমিনেন্সের দৈর্ঘ্য ছিল প্রায় ১০ লাখ কিলোমিটার।”
দুটি প্রমিনেন্সের নির্গমনের মধ্যে সময়ের ব্যবধান ছিল প্রায় এক ঘণ্টা। বিজ্ঞানীদের মতে, এ দুটি গ্যাসীয় নির্গমন আকার ও গঠনগত বৈশিষ্ট্যে প্রায় অভিন্ন ছিল।
সৌর প্রমিনেন্স কী?
সৌর প্রমিনেন্স হচ্ছে সূর্যের পৃষ্ঠ থেকে উৎপন্ন একটি বৃহৎ গ্যাসীয় শিখা বা মেঘ, যা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি সূর্যের চৌম্বকীয় বলের প্রভাবে বায়ুমণ্ডলে ভেসে থাকে এবং কখনো তা মহাকাশে ছিটকে পড়ে।
পৃথিবীর জন্য ঝুঁকি আছে কি?
যদিও প্রমিনেন্স দুটি বিশাল আকৃতির, তবুও এগুলো পৃথিবীমুখী নয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু এ দুটি ঘটনাই সূর্যের প্রান্তে ঘটেছে, তাই পৃথিবীতে এর কোনো সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে গবেষকরা সতর্ক করেছেন, যদি এ ধরনের লালাশিখা ভবিষ্যতে পৃথিবীমুখী হয়, তাহলে তা স্যাটেলাইট, বৈদ্যুতিক গ্রিড, যোগাযোগব্যবস্থা এবং মহাকাশে অবস্থানরত নভোচারীদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

