চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক তৈরি করেছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ‘ওয়াকার এস২’, যা নিজে নিজেই ব্যাটারি পরিবর্তন করতে সক্ষম। মাত্র তিন মিনিটের কম সময়ে এই রোবট ব্যাটারি বদলাতে পারে এবং এর জন্য মেশিনটি বন্ধ করাও লাগে না।
প্রায় মানুষের সমান উচ্চতার ওয়াকার এস২ দুই পায়ে হাঁটতে পারে, হাত দিয়ে জিনিসপত্র ধরতে, সরাতে ও বিভিন্ন কাজ করতে পারে।
ইউবিটেক জানিয়েছে, শিল্প কারখানা ও গুদামখানার মতো জায়গায় যেখানে বিরতি ছাড়া দীর্ঘ সময় কাজ করা লাগে, সেখানে এই স্বয়ংক্রিয় ব্যাটারি বদলানোর প্রযুক্তি কর্মক্ষমতা বাড়াবে এবং শ্রমিকের ওপর নির্ভরতা কমাবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, ওয়াকার এস২ ব্যবহারে ফ্যাক্টরি, গুদাম, হোটেলসহ নানা সার্ভিস সেক্টরে শ্রম ব্যয় কমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ইউবিটেক আরো জানিয়েছে, ভবিষ্যতে এই রোবটের উন্নত সংস্করণ বাজারে আনা হবে, যেখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।

