নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আবিষ্কার করেছে পৃথিবী থেকে মাত্র ৪.৩৭ আলোকবর্ষ দূরে সম্ভাব্য একটি নতুন গ্রহ। এই গ্রহটি সূর্যের মতো আলফা সেন্টোরি এ নামক নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। যদিও এটি গ্যাসীয় হওয়ায় জীবনধারণের জন্য উপযুক্ত নয়, তবে এই আবিষ্কার বিজ্ঞানীদের মধ্যে নতুন উৎসাহ জাগিয়েছে।
আলফা সেন্টোরি হলো তিনটি তারকাবিশিষ্ট একটি সিস্টেম, যেখানে আলফা সেন্টোরি এ, আলফা সেন্টোরি বি এবং লাল বামন প্রক্সিমা সেন্টোরি রয়েছে। এর আগে প্রক্সিমা সেন্টোরির দুটি গ্রহ নিশ্চিত হয়েছে, যার মধ্যে প্রক্সিমা বি বাসযোগ্য অঞ্চলে রয়েছে। নতুন আবিষ্কৃত গ্রহটি আলফা সেন্টোরি এ’র বাসযোগ্য অঞ্চলের মধ্যে অবস্থান করলেও গ্যাসীয় হওয়ায় জীবনের সম্ভাবনা কম।
এই গ্রহটির আলোর মাত্রা তার হোস্ট নক্ষত্রের তুলনায় প্রায় ১০ হাজার গুণ কম, যা জেমস ওয়েব টেলিস্কোপের সংবেদনশীলতার মাধ্যমে শনাক্ত হয়েছে। টেলিস্কোপের মিড-ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট ও করোনাগ্রাফিক মাস্ক ব্যবহারের মাধ্যমে গ্রহটির ক্ষীণ স্বাক্ষর পাওয়া গেছে।
নাসার এক্সোপ্ল্যানেট সায়েন্স ইনস্টিটিউটের গবেষক চার্লস বেইচম্যান বলেন, আলফা সেন্টোরি এ থেকে গ্রহটি নিকটবর্তী হওয়ায় ভবিষ্যতে এটি নিয়ে আরো গবেষণার সুযোগ থাকবে।
