প্রযুক্তিপ্রেমীদের জন্য আনন্দের খবর—গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন ডিজাইন। “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” নকশার মাধ্যমে পুরো ইন্টারফেস নতুন রূপ পেয়েছে।
দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নকশা বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন ডিজাইন শুধু রঙ বা বিন্যাস পরিবর্তন নয়, বরং ব্যবহারযোগ্যতা এবং অভিজ্ঞতাতেও বড় উন্নতি এনেছে।
হোম পেজে নতুন বিন্যাস: আগে ফেভারিটস ও রিসেন্টস আলাদা পৃষ্ঠায় থাকত, এখন একত্রিত করে নতুন হোম পেজে রাখা হয়েছে। শীর্ষে গুরুত্বপূর্ণ কন্টাক্টগুলো স্লাইডার বা ক্যারোসেল আকারে দেখানো হয়েছে, যাতে আঙুলের স্পর্শে সহজে পরিবর্তন করা যায়। নিচে কল ইতিহাস কার্ড আকারে প্রদর্শিত, যা খুঁজে পাওয়া আরও সহজ করেছে।
নতুন কীপ্যাড: ফোন নম্বর ডায়াল করার প্যানেল এখন সরাসরি অ্যাপে স্থান পেয়েছে। আগের ভাসমান কল বাটন নেই। নাম্বার প্যানেল গোলাকার ও আধুনিক আকারে ডিজাইন করা হয়েছে। ভয়েসমেইল তালিকায় হালকা পরিবর্তন এসেছে।
কন্টাক্ট খোঁজার সহজ পদ্ধতি: কন্টাক্ট খুঁজতে আলাদা ট্যাবের পরিবর্তে ড্রয়ার মেনু ব্যবহার করা হয়েছে। এখান থেকে সেটিংস, কল ইতিহাস মুছে ফেলা, সহায়তা ও প্রতিক্রিয়া, কন্টাক্ট তালিকা—সবকিছু এক ক্লিকে পৌঁছানো যায়।
ইনকামিং কল স্ক্রিন: এখন কল গ্রহণ বা বাতিলের জন্য আড়াআড়ি সোয়াইপ বা এক ট্যাপে নির্বাচন করা যাবে। পকেট থেকে ফোন বের করার সময় ভুলে কল কেটে যাওয়া বা গ্রহণ হওয়া সমস্যা কমবে।

কল চলাকালীন অভিজ্ঞতা: কলের সময় কল কেটে দেওয়া, মিউট, স্পিকার চালু—সব বাটন ডিম্বাকার। নির্বাচন করলে বাটন গোলাকার আয়তক্ষেত্রে রূপান্তরিত হবে। তবে দুই সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা সহজ নয়।
পুরো ইকোসিস্টেমে নতুন অভিজ্ঞতা: নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ নকশা শুধু ফোন অ্যাপে নয়, গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও একীভূত হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমে অভিন্ন চেহারা এবং ব্যবহার অভিজ্ঞতা মিলবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র—নতুন বাটনের ডিজাইন ও এক ট্যাপে কল গ্রহণের সুবিধা প্রশংসিত হয়েছে, তবে কন্টাক্টস অপশন ড্রয়ারে স্থানান্তর এবং গাঢ় থিম ডিফল্ট হওয়ায় কিছু ব্যবহারকারী অসন্তুষ্ট।
গুগল ফোন অ্যাপের নতুন আপডেট কেবল নকশা নয়, ব্যবহারযোগ্যতা, দ্রুততা এবং সুবিধার সমন্বয়ও এনেছে। যারা আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোর থেকে ভার্সন ১৮৬ ডাউনলোড করে নতুন অভিজ্ঞতা পরীক্ষা করতে পারেন।

