ফেসবুক আবারও ফিরিয়ে আনছে তাদের এক সময়ের সবচেয়ে আলোচিত ফিচার— ‘পোক’। এক দশক আগে যে ফিচারটি তরুণ-তরুণীদের মধ্যে ছিল দারুণ জনপ্রিয়, সেটিই নতুন রূপে হাজির হচ্ছে মেটার উদ্যোগে।
অনেকেই মনে করতে পারবেন, বন্ধুদের সঙ্গে মজা করার জন্য কিংবা খুনসুটি করতে একসময় সবাই যখন-তখন ‘পোক’ করত। কেউ আবার পছন্দের মানুষকে নীরবভাবে ইঙ্গিত দিত এই মাধ্যমেই। ২০০৪ সালে ফিচারটি চালু হওয়ার পর এটি ফেসবুকের অন্যতম বড় ট্রেন্ডে পরিণত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার কমে আসায় ২০১৪ সালে তা সরিয়ে ফেলা হয়।
এবার নতুন করে ফিরছে সেই স্মৃতিমাখা ‘পোক’। এবার আর খুঁজে বের করতে হবে না আলাদা করে— সরাসরি প্রোফাইল থেকেই আপনি বন্ধুকে ‘পোক’ করতে পারবেন। কেউ আপনাকে ‘পোক’ করলে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে আসবে। মজার ব্যাপার হলো, এবার শুধু ‘পোক’ নয়, সঙ্গে থাকছে নানান ইমোজি ব্যবহার করার সুযোগও।
মেটার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্ম, বিশেষ করে জেন জেড ব্যবহারকারীদের আবারও ফেসবুকের দিকে টেনে আনা। দেখা যাক, রিলস আর স্টোরিতে অভ্যস্ত এই প্রজন্ম নস্ট্যালজিক এই ফিচারের প্রেমে পড়তে পারে কিনা।
পুরোনো ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে এক ধরনের ফিরে দেখা। ফেসবুকের ইতিহাসে যেসব ফিচার একসময় আলোড়ন তুলেছিল, তাদের ভিড়ে ‘পোক’-এর জায়গা আলাদা। তাই আবারও এটি ফিরে আসায় পুরোনোদের মনে জেগে উঠছে সেই সোনালি দিনের স্মৃতি।

