গুগলের কিবোর্ড অ্যাপ জি-বোর্ডে যুক্ত হলো একটি ছোট কিন্তু অত্যন্ত দরকারি ফিচার, যা ব্যবহারকারীর লেখাকে আরও দ্রুত, সঠিক ও প্রাঞ্জল করে তুলবে। নতুন এই ফিচারটির নাম এআই চালিত রাইটিং টুলস, যা টাইপো বা অপ্রাসঙ্গিক বাক্য গঠন ঠিক করতে সাহায্য করবে।
গুগল জানিয়েছে, জিবোর্ডের এই রাইটিং টুলস ব্যবহারকারীর লেখা বার্তাকে সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক বা আরও অভিব্যক্তিমূলকভাবে সাজাতে সক্ষম। জেমিনি ন্যানো মডেলের ক্ষমতা কাজে লাগিয়ে এটি বানান এবং ব্যাকরণগত ভুলও দ্রুত সংশোধন করে।
বর্তমানে এই সুবিধা শুধুমাত্র সেসব অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে, যেগুলো জেমিনি ন্যানোর মাল্টিমোডাল মডেল চালাতে সক্ষম। এর মধ্যে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটযুক্ত ফোন। ইতোমধ্যেই স্যামসাং, ওয়ানপ্লাস এবং শাওমির কিছু মডেলে এই ফিচার পাওয়া গেছে। তবে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণ তালিকা প্রকাশ করেনি।
জেমিনি ন্যানো প্রথম চালু হয়েছিল গত বছর পিক্সেল ৮ প্রো ডিভাইসে, কিন্তু শুরুতে এটি শুধু টেক্সট ইনপুটে সীমাবদ্ধ ছিল। পরে গুগল মাল্টিমোডাল সুবিধা যোগ করে, যাতে ছবি ও অডিও নিয়েও কাজ করা যায়।
ব্যবহার করার পদ্ধতি:
জি-বোর্ড বাটনে চাপ দেওয়ার পর প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হবে এবং তারপর নতুন সুবিধাটি চালু হবে। একবার সক্রিয় হলে এটি কিবোর্ডের অন্যান্য শর্টকাটের মতো সহজে ব্যবহার করা যাবে।
পিক্সেল ৯ থেকে পরবর্তী মডেলের ফোনে এই সুবিধা ব্যবহার করা যাবে ইংরেজি, চীনা, ফরাসি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায়। অন্য ব্র্যান্ডের ফোনে কতগুলো ভাষায় এটি কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

