আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষায় হাওর অঞ্চলের কৃষকদের কাছে স্বল্পমেয়াদি ও উচ্চফলনশীল ধানের জাত ব্রি ধান-১১৮ পরিচিত করাতে শুরু করেছে সরকার। সাতটি জেলায় প্রদর্শনী প্লটের মাধ্যমে এ কার্যক্রম চলছে। জেলাগুলো হলো সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া।
দ্য ডেইলি স্টার এর এক প্রতিবেদনে দেখা যায়, কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, চলতি বোরো মৌসুমের জন্য ১ হাজার ৬০০ প্লট প্রস্তুত করা হয়েছে এবং এ পর্যন্ত সাত জেলায় ৩০ টন বীজ বিতরণ করা হয়েছে। এসব প্লটের মাধ্যমে কৃষকেরা জাতটির চাষপদ্ধতি, ফলনক্ষমতা ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবছর আগাম বন্যা ও এপ্রিলের ভারী বৃষ্টিতে হাওরের আধাপাকা ও পাকা বোরো ধান তলিয়ে গিয়ে কৃষকদের বড় ক্ষতি হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বৃষ্টি, বন্যা ও উজানের পানির ঢলে প্রায় ১ হাজার ৪৭ কোটি টাকার ফসলের ক্ষতি হয়। এতে ৪৯ হাজার হেক্টরের বেশি ফসলি জমি নষ্ট হয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত এ জাত গবেষকদের তথ্য অনুযায়ী প্রচলিত জাতের চেয়ে সাত থেকে ১০ দিন আগে বপন ও কর্তন করা যায়। প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীল হওয়ায় আগাম বপন করে বন্যার পানি আসার আগেই ধান কেটে ফেলা সম্ভব। ব্রির মহাপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, হাওরের ঝুঁকি বিবেচনায় কৃষকেরা যাতে প্রচলিত জাতের চেয়ে সাত থেকে ১০ দিন আগে ধান কাটতে পারেন এবং বন্যাজনিত ক্ষতি কমে, সে জন্যই ব্রি ধান-১১৮ উদ্ভাবন করা হয়েছে।
রফিকুল ইসলাম জানান, ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আগাম বপন করলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ছয় টন ফলন পাওয়া যায়। স্বাভাবিক সময়ে, অর্থাৎ ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে বপন করলে ১৪৫ দিনে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৯ টন ফলন মিলেছে। উপযুক্ত পরিবেশ ও সঠিক ব্যবস্থাপনায় গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৬ দশমিক ৮ থেকে ৮ দশমিক ৫ টন। জাতটির জীবনকাল ১৪৫ থেকে ১৪৮ দিন, তীব্র শীতে যা ১৫০ থেকে ১৫৭ দিন পর্যন্ত হতে পারে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক আশফাকুর রহমান বলেন, গত বছর তিনি ১৪ বিঘায় চাষ করলেও চার বিঘার ধান কাটতে পারেননি। এতে তার প্রায় ৪০ হাজার টাকা লোকসান হয়। এমন ক্ষতি এড়াতে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ নেওয়ার পর তিনি আগাম বোরো চাষের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, উপজেলা কৃষি অফিসে দুজন গবেষক তাদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষকেরা বলেছেন, মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুর মধ্যে এ জাতের ধান কাটা যাবে। এতে আগ্রহী হয়ে তিনি চাষ করছেন। রহমান আরও বলেন, লাইন পদ্ধতিতে তিনি ৭৫০টি বীজতলার ট্রে প্রস্তুত করেছেন, যা প্রায় ২৬ বিঘা জমির জন্য যথেষ্ট। দুই থেকে চার দিনের মধ্যে বীজতলা প্রস্তুত হবে এবং আগামী সপ্তাহে তিনি চারা রোপণের পরিকল্পনা করছেন।
কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান উদ্যোগটিকে হাওরের কৃষকদের জন্য ‘অত্যন্ত উৎসাহব্যঞ্জক’ বলে অভিহিত করেন। তাঁর মতে, প্রায় প্রতিবছর ফসলহানির শিকার হওয়া হাওরের কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার ভালো উদ্যোগ নিয়েছে, যা তাদের জন্য স্বস্তি বয়ে আনবে। জাতটি ব্যাপকভাবে গৃহীত হলে আগামী বছর বা তার পরের বছর থেকে কৃষকদের এমন সংকটে পড়তে হবে না বলেও তিনি মনে করেন।
বোরো হলো শুষ্ক মৌসুমের সেচনির্ভর ধান, যা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শুরুর দিকে রোপণ করা হয় এবং এপ্রিল থেকে জুনের মধ্যে কাটা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বার্ষিক চালের উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ আসে বোরো থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে সাত হাওর জেলায় ৪ লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত অর্থবছরে মোট বোরো আবাদ ছিল ৫০ লাখ ৫০ হাজার হেক্টর।

