অনুকূল আবহাওয়া আর বড় বন্যা না হওয়ায় এবার তিস্তা নদীর চরে আমনের ভালো ফলন হয়েছে। রংপুর অঞ্চলের পাঁচ জেলার চরাঞ্চলে আমন চাষ গত বছরের চেয়ে প্রায় ৫ হাজার হেক্টর বেড়েছে। ফলন নিয়ে খুশি চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, এ বছর তিস্তার চরে প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। গত বছর এটি ছিল ১৯ হাজার হেক্টর। ডিএইয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম জানান, বড় বন্যা না হওয়ায় নতুন জেগে ওঠা বেশির ভাগ চরেই চাষ করা সম্ভব হয়েছে। এতে ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘায় গড়ে ২২ মণ ফলনের লক্ষ্য ধরা হলেও আবহাওয়া ভালো থাকায় তা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
গঙ্গাচড়া উপজেলার চর মহিপুরের ৬০ বছর বয়সী কৃষক মেসের আলীর ১০ বিঘারও বেশি জমি নদীতে বিলীন হয়েছে। মূল ভূখণ্ডে এখন তাঁর চাষের জমি নেই। এবার তিনি লিজ নেওয়া জমি ও চরের প্রায় পাঁচ বিঘায় আমন চাষ করেছেন। বিঘায় ২৩-২৪ মণ ধান পাওয়ার আশা করছেন তিনি। তাঁর ভাষ্য, এবারের ফলন আগের যেকোনো বছরের চেয়ে ভালো। প্রাকৃতিক দুর্যোগ না এলে ফসল নিরাপদে ঘরে তুলতে পারবেন বলে আশা তাঁর।
একই চরের আলিমুল ইসলাম (৫৫) চার বিঘার মধ্যে দুই বিঘার ধান ইতিমধ্যে কেটেছেন। বাকিটা এক সপ্তাহের মধ্যে শেষ করার আশা তাঁর। বিভিন্ন চরে চার-পাঁচ দিন আগে ধান কাটা শুরু হয়েছে। মাসের শেষ নাগাদ বেশির ভাগ জমির ধান কাটা শেষ হবে বলে জানা গেছে।
লালমনিরহাট সদরের রাজপুর চরের অনিল চন্দ্র বর্মণ (৬৫) গত বছর বিঘায় ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ২৪ মণ পাওয়ার আশা করছেন। কুড়িগ্রামের রাজারহাটের চর বুড়িরহাটের যতীন চন্দ্র সরকার (৭০) আমনের আবাদ পাঁচ বিঘা থেকে বাড়িয়ে আট বিঘা করেছেন।
তবে ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তা কাটেনি কৃষকদের। যতীন চন্দ্র জানান, গত বছরের তুলনায় বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। ধানের ন্যায্য দাম না পেলে খরচ তুলে লাভ করা কঠিন হবে বলে তিনি মনে করেন।
সূত্র: দ্য ডেইলি স্টার

