৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী ৫ মে থেকে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা শুরু হবে।
কমিশন জানিয়েছে, জেনারেল ক্যাডারের ৩ হাজার ৬৩১ জন প্রার্থী এই মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। তবে ভাইভায় অংশগ্রহণের আগে প্রত্যেককে অনলাইনে নির্ধারিত বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কমিশনের ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে বাংলা ভাষায় নির্ধারিত ফরমটি পূরণ করে সাবমিট করার পর এর দুটি প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এই কপিগুলো ভাইভা বোর্ডে জমা না দিলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।
ফরম পূরণের সময় ‘পারসোনাল ইনফরমেশন’ অংশে সব তথ্য সঠিকভাবে দিতে হবে। বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে নির্ধারিত অপশন থেকে প্রযোজ্যটি নির্বাচন করতে হবে। এরপরই ফরমটি পূরণের সুযোগ পাওয়া যাবে।
কমিশন প্রার্থীদের সতর্ক করে বলেছে, ফরম জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি। তবে সাবমিটের পরও প্রয়োজনে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সংশোধনের সুযোগ থাকবে।
এছাড়া, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসনবিন্যাস পরে কমিশনের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে। ভাইভা বোর্ডে অংশ নেওয়ার সময় অনলাইন থেকে ডাউনলোড করা ফরমের কপি এবং প্রয়োজনীয় মূল সনদপত্র সঙ্গে রাখতে হবে বলেও জানানো হয়েছে।

