রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক—
বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুলশিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো এ.আর.এস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মুনিয়া আক্তার এবং কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস।
জানা যায়, গত ১ মে সাগরদী এলাকা থেকে মুনিয়া আক্তার নিখোঁজ হয়। এর পরদিন ২ মে ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে বের হয়ে সৌরভ দাসও নিখোঁজ হয়।
দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। এরপর থেকেই পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, একদিনের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে নগরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত শিক্ষার্থীদের সন্ধান ও ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে একাধিক টিম মাঠে কাজ করছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

