নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখে অচেতন হয়ে পড়েছেন তার মা। সোমবার দুপুরে লালপুর ফিলিং স্টেশনের সামনে লালপুর–ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (১৮) লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম ও রুনিফা বেগম দম্পতির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আশরাফুল ইসলাম তার মাকে নিয়ে মোটরসাইকেলে লালপুরের ত্রিমোহনী এলাকায় যান। সেখানে মাকে নামিয়ে দিয়ে তিনি পেট্রল নেওয়ার জন্য লালপুর ফিলিং স্টেশনের দিকে রওনা দেন।
ফিলিং স্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ ভিড় করেন। ট্রাকচাপায় এক তরুণ মারা গেছেন—এ খবর জানতে পেরে তার মা রুনিফা বেগমও ঘটনাস্থলে যান। ভিড় ঠেলে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়ার পরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেয়। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

