বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৪ মে) এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, মসজিদের উন্নয়ন কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জানা গেছে, চারদলীয় জোট সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। তবে ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পটি আর শেষ করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে নির্মাণাধীন অবস্থাতেই মুসল্লিরা নামাজ আদায় করে আসছিলেন।
বর্তমানে প্রধানমন্ত্রীর আগ্রহ ও অনুপ্রেরণায় মসজিদ পরিচালনা কমিটি ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছে। লক্ষ্য, মসজিদটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া। উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরে গিয়ে মসজিদটির বেহাল অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দ্রুত উন্নয়ন বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ১৩ দিনের মধ্যেই মসজিদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়।

