রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (৬ মে) তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া হাজার হাজার মামলার তথ্য এক মাসের মধ্যে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মামলার সঠিক তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই প্রক্রিয়ার আওতায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া কিছু হত্যা মামলাও যাচাই করা হবে।
এ ছাড়া তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে যেসব ‘গায়েবি মামলা’ দায়ের করা হয়েছিল, সেগুলো প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে। তবে কোন কোন মামলা প্রত্যাহার হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যাচাই-বাছাইয়ের পরই নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। সরকারের এই উদ্যোগে মামলার বাস্তবতা ও প্রক্রিয়া নিয়ে নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

