পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে সাত দিনের ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত অফিসগুলো বন্ধ থাকবে।
তবে ছুটির সময়সূচিতে পরিবর্তন এনে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন দেশের সব অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। একই সঙ্গে ২৪ মে (রবিবার) অফিস খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবাসমূহ। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, অগ্নি নির্বাপণ সেবা, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কার্যক্রম। এসব খাতের সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন। এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে।

