রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাসার শৌচাগার থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম রামিসা আক্তার। সে পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় বসবাস করত। তার বাবার নাম আবদুল হান্নান মোল্লা।
পরিবারের সদস্য ও পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে হত্যা করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পল্লবী থানা-পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলেও জানান তিনি।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

