২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, তাদের ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের ভাতাতেও একই হারে বৃদ্ধি আনার পরিকল্পনা রয়েছে। এতে নতুন কাঠামো অনুযায়ী বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমের ৩০ হাজার টাকা, বীর বিক্রমের ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের ভাতা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের বর্তমান মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে।
একইভাবে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর জন্য নির্ধারিত মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং আহতদের জন্য দেওয়া সহায়তাও অপরিবর্তিত রাখার প্রস্তাব থাকতে পারে। বর্তমানে আহতদের অবস্থা অনুযায়ী এ, বি ও সি শ্রেণিতে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে।
সূত্র আরও জানায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরে এই খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হতে পারে। তুলনায়, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

