আর্থিক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা না গেলে বিদেশি বিনিয়োগে বড় ধরনের বাধা তৈরি হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত, তবে আস্থার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
গতকাল বুধবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতে সুশাসনের অভাবে অতীতে অর্থপাচারের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পুঁজিবাজারে ভুয়া নিরীক্ষা প্রতিবেদন বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে। এর প্রভাব পড়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর, যেগুলো এখন অর্থসংকটে রয়েছে।
তিনি আরও বলেন, “অনেক সফল প্রতিষ্ঠান এখন গুরুতর মূলধন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকগুলো ব্যাংক গুরুতর মূলধন সংকটে ভুগছে—এগুলো অনাদায়ী ঋণ, অর্থপাচার, মিথ্যা উপস্থাপনার মাধ্যমে অর্থ বের করে নেওয়া এবং পরিচালনা পর্ষদের সদস্যদের সহায়তায় ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ঘটেছে।”
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জনগণের আস্থা ফেরাতে প্রতিষ্ঠানগুলোতে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে এবং এই সুযোগ কাজে লাগাতে হলে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

