অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম নিয়ে তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত রোববার আইনজীবী এম কে রহমান বলেন, ১৮ মাসের কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তার দাবি অনুযায়ী, এই সময়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যার মধ্যে অর্থনীতি ও স্বাস্থ্য খাতও রয়েছে। তিনি বলেন, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসে বিষয়টি উপেক্ষা করতে না পারে।
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের পদ্ধতি সরকার নির্ধারণ করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল বিষয়টি সম্পর্কে তথ্য নিয়ে সরকারের নির্দেশনা নেবেন বলে জানিয়েছেন এবং তারা সেটাই প্রত্যাশা করছেন। হাইকোর্টের এই আদেশের মাধ্যমে আলোচিত ওই রিট আবেদনটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হলো।

