রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। সমিতির কার্যনির্বাহী কমিটি শুক্রবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কালাম খান জানান, কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে—ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে কোনো ধরনের আইনি লড়াইয়ে অংশ নেবেন না। মামলাটি ঘিরে এলাকায় ও আইনজীবী মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। এতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
পরবর্তীতে একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে প্রধান আসামি সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

