অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৮৫ কোটি টাকা দ্রুত ইসলামী ব্যাংকে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গাড়ি কেনার উদ্দেশ্যে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেড ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেয়। তবে পরে অভিযোগ ওঠে, নির্ধারিত খাতে সেই অর্থ ব্যবহার করা হয়নি। গাড়ি কেনার পরিবর্তে পুরো ঋণের অর্থ আত্মসাৎ করা হয় বলে দাবি ব্যাংকটির। ঋণের অর্থ ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয় ইসলামী ব্যাংক। শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে এস আলম পরিবারের নয় সদস্য রয়েছেন। তারা হলেন— সাইফুল আলম, তার ছেলে আহসানুল আলম, স্ত্রী ফারজানা পারভীন, ভাই ওসমান গনি, রাশেদুল আলম, আব্দুস সামাদ, শহিদুল আলম, আব্দুল্লাহ হাসান, ওসমান গনির ছেলে গোফরানুল আলম এবং ভাইয়ের স্ত্রী ফারজানা বেগম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এস আলম গ্রুপকে ঘিরে দীর্ঘদিন ধরে ওঠা নানা আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যে আদালতের এই আদেশ গুরুত্বপূর্ণ একটি বিচারিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ব্যাংক খাতের আলোচিত ঋণ কেলেঙ্কারির ঘটনায় এই রায় নতুন করে আলোচনা তৈরি করেছে।

