আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবারের বাজেট জাতিকে সামনে রেখে এবং দেশের সব মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাজেটের প্রতিটি দিক নির্ধারণ করা হয়েছে। তার ভাষায়, এবারের বাজেটের প্রেক্ষাপটও ভিন্ন। দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। ফলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা, ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট তৈরির চেষ্টা করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেই বাজেট প্রণয়ন করতে হয়েছে। একটি দুর্বল ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের প্রচেষ্টাই এই বাজেটে প্রতিফলিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দেশের সব নাগরিককে এর আওতায় আনার চেষ্টা করা হয়েছে। জাতীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সবাই যাতে অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপনের উদ্দেশ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে।

