জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে। স্বাস্থ্য খাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আগামীকাল রবিবার (১৪ জুন) এসব আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে, সেগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় শিশু চিকিৎসার ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে জেলা পর্যায়েই শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীরা উন্নতমানের জরুরি ও নিবিড় চিকিৎসা সেবা পাবেন।
মন্ত্রণালয় আরও জানায়, আগামীকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাকি নয়টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে জেলা পর্যায়ে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি আসবে।

