জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিয়ে আলোচনা চলাকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে। এ বিষয়ে নতুন কোনো সুপারিশ এলে সেটিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে সংরক্ষিত মহিলা আসন-৪৫ থেকে নির্বাচিত বিরোধী দলের সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে সরকারের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চান। বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার ব্যবস্থা করলেও রাজনৈতিক সুরক্ষার প্রশ্নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
এর জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের আইনি কাঠামোর আওতায় এনে সুরক্ষা নিশ্চিত করেছে। তাঁর মতে, এই আইনি সুরক্ষাই রাজনৈতিক সুরক্ষারও অংশ। তিনি রোকেয়া বেগমের বক্তব্য ও আবেগের প্রতি সম্মতি প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের প্রতিটি পদক্ষেপ মূলত রাজনৈতিক সিদ্ধান্ত ও জননীতির অংশ। তবে সরকারের দায়িত্ব ও ক্ষমতা মূলত আইনি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। সেই কাঠামোর আওতায় জুলাই চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করেছে।
তিনি জানান, ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে অতিরিক্ত কোনো প্রস্তাব বা সুপারিশ এলে সরকার তা বিবেচনা করবে। প্রয়োজন হলে নতুন ব্যবস্থাও নেওয়া হবে। জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং জামায়াত-সমর্থিত জোটের মনোনীত সংসদ সদস্য রোকেয়া বেগমের উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই আইনমন্ত্রী সংসদে এ ব্যাখ্যা প্রদান করেন।

