গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যতিক্রমী দৃশ্য স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন দেশের জাতীয় পতাকার পরিবর্তে একটি সেতুর দুই পাশে সারিবদ্ধভাবে কালেমা খচিত পতাকা টানানো হয়েছে। ঘটনাটি এলাকায় কৌতূহলের সৃষ্টি করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার ঘাঘর ব্রিজের ওপর কে বা কারা এসব পতাকা টানিয়ে দেয়। সাধারণত ফুটবল মৌসুমে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি কিংবা স্পেনের জাতীয় পতাকায় বিভিন্ন এলাকা সেজে উঠলেও, এই সেতুতে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন আয়োজন। ব্রিজের দুই পাশজুড়ে আরবি ভাষায় কালেমা লেখা পতাকা শোভা পাচ্ছে।
রাতের দিকে ওই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
অনেকে এই উদ্যোগকে ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন। সেতু দিয়ে যাতায়াতকারী পথচারীদের অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে পতাকাগুলো দেখছেন। কেউ কেউ স্মৃতি হিসেবে ছবি তুলছেন, আবার অনেকে ফটোসেশনও করছেন।
ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ আয়োজন ইতিবাচক সাড়া ফেলেছে। ব্যতিক্রমী এই সাজসজ্জা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার বদলে অধিকাংশের মন্তব্য, দৃশ্যটি দেখতে সত্যিই দৃষ্টিনন্দন।

