বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে দীর্ঘদিনের প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ১০ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব বক্তব্য দেন আখতার হোসেন। আলোচনায় তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন দুর্বলতা ও প্রশাসনিক সীমাবদ্ধতা এখন স্পষ্টভাবে সামনে এসেছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক দ্বৈততা কার্যক্রমে জটিলতা সৃষ্টি করছে।
সংসদ সদস্যের মতে, অতীতে হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংক এবং বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির মতো ঘটনাগুলোর পেছনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুর্বলতা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব ঘটনায় বিভাগের কোনো কর্মকর্তা জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
আখতার হোসেন আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনেক ক্ষেত্রে ঋণ পুনঃতফসিল করে থাকে। এতে খেলাপি ঋণের প্রকৃত অবস্থা আড়াল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের বিষয়।
তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কীভাবে কার্যকর তদারকি নিশ্চিত করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা এবং এ থেকে সৃষ্ট জটিলতা দূর করতে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

