রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজন বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বাস টার্মিনাল আগামী চার মাসের মধ্যে ব্যবহার উপযোগী করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড।
নীতিগত অনুমোদনের আওতায় কাঁচপুর বাস টার্মিনালে শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ এবং প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। সূত্র আরও জানায়, রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চার মাসের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা।
প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস বসানো হবে। পাশাপাশি ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট ব্যবহার করে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।
সংশ্লিষ্টদের মতে, কাঁচপুরে নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল চালু হলে সায়েদাবাদ এলাকায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে রাজধানীর পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং যান চলাচল আরও সুশৃঙ্খল হবে।

