ভুয়া বিল তৈরি করে সরকারি তহবিল থেকে প্রায় ১৮ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিএমপির সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আবদুল হান্নান। তিনি জানান, গত সোমবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। বরখাস্ত হওয়া তিন সদস্য হলেন কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, হিসাব শাখায় দায়িত্ব পালনকালে ওই তিন কনস্টেবল কৌশলে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে একাধিক ভুয়া বিল প্রস্তুত করেন। পরে এসব বিলের মাধ্যমে সরকারি তহবিল থেকে মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ ওঠে।
অভিযোগ সামনে আসার পর বিভাগীয়ভাবে প্রাথমিক তদন্ত শুরু হয়। তদন্তে শৃঙ্খলাভঙ্গ ও অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তিনজনকে বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার আবদুল হান্নান বলেন, অভিযুক্ত তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, আত্মসাতের পুরো প্রক্রিয়া, কীভাবে অর্থ উত্তোলন করা হয়েছে এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, সেটিও তদন্তে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপও নেওয়া হবে।

