হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিনামূল্যে শাটল বাস সেবা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম শুরু হয়েছে।
বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাটল বাস সেবার উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনা এবং বেবিচকের তত্ত্বাবধানে এ সেবাটি চালু করা হয়েছে। পুরো কার্যক্রমের অর্থায়ন করছে বেবিচক।
প্রাথমিক পর্যায়ে শাটল বাস তিনটি রুটে চলাচল করবে। এগুলো হলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর পর্যন্ত।
কর্তৃপক্ষের আশা, নতুন এই বিনামূল্যের শাটল বাস সেবার মাধ্যমে বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী দেশি-বিদেশি যাত্রীরা টার্মিনাল, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের মধ্যে সহজে চলাচলের সুযোগ পাবেন। এতে যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি বিমানবন্দর এলাকায় যানবাহনের চাপও কিছুটা কমবে।
বেবিচক জানিয়েছে, যাত্রীসেবার মান উন্নয়ন এবং বিমানবন্দরের যোগাযোগব্যবস্থাকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

