দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৪ শিশু হাম অথবা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। যদিও এই ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৮৪ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭০২ শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এ সময় নতুন করে ৬৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।
এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে। এর মধ্যে পরীক্ষায় ১৩ হাজার ৪১০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ৪৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকাদান সম্পন্ন করা, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

