সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো সরকারি কর্মচারী পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আইনসভা যৌক্তিক বিবেচনায় ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারীদের পেনশন সুবিধা না দেওয়ার বিধান করেছে। ফলে নির্ধারিত সময়সীমার আগে পদত্যাগ করলে চাকরির সময় পেনশনের জন্য গণ্য হবে না।
গত ১১ মার্চ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের আগের রায় বাতিল করেন। ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯ বছর চাকরি শেষে ২০১১ সালে অতিরিক্ত জেলা জজ থাকা অবস্থায় স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে চাকরির সময়ের ভিত্তিতে আংশিক পেনশন ও আনুতোষিক দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নাকচ করে।
এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে ২০২১ সালে আদালত তার পক্ষে রায় দেন এবং চাকরির মেয়াদ অনুযায়ী পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দেন। তবে রাষ্ট্রপক্ষের আপিলের পর আপিল বিভাগ সেই রায় বাতিল করে জানিয়ে দেন, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন পাওয়ার কোনো আইনি অধিকার সৃষ্টি হয় না।

