টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও কেন এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে নেওয়া হচ্ছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাদের মতে, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলো ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাকেন্দ্রগুলো এখনো পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।
আন্তঃশিক্ষা বোর্ডের মতে, ১২ লাখের বেশি পরীক্ষার্থীর শিক্ষা কার্যক্রম, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সময়সূচি বিবেচনায় বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

