দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪ জনে। অন্যদিকে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। ফলে হাম এবং হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৭৯ শিশুর প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৭৪ জন। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে।
চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্যে দেখা যায়, একই সময়ে নতুন করে ৯৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

