অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর আসন্ন নির্বাচন স্থগিত করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইর আরবিট্রেশন বোর্ড। ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগের শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণ সদস্যদের পক্ষ থেকে করা অভিযোগে ভোটার তালিকায় মৃত ব্যক্তি ও ভুয়া নাম অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা, প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন বোর্ড পুনর্গঠন এবং নির্বাচন পরিচালনা প্রক্রিয়ায় অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়। এসব অভিযোগের ওপর শুনানি শেষে আরবিট্রেশন বোর্ড নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়।
শুনানিতে যেসব অভিযোগ উঠে আসে:
শুনানিতে অভিযোগ করা হয়, প্রশাসকের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেন। অভিযোগকারীদের দাবি, মেয়াদোত্তীর্ণ অবস্থায় এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আইনি এখতিয়ার ছিল না।
ভোটার তালিকা নিয়েও একাধিক অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগ অনুযায়ী, তালিকায় দীর্ঘদিন আগে মারা যাওয়া ব্যক্তিদের নাম রাখা হয়েছে। পাশাপাশি ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের পাশাপাশি লাইসেন্সবিহীন কয়েকটি ট্রাভেল এজেন্সিকেও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপিল প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। অভিযোগে বলা হয়, তিন সদস্যের আপিল বোর্ডের পরিবর্তে দুই সদস্যের উপস্থিতিতে শুনানি সম্পন্ন করা হয়। পরে প্রকাশিত নথিতে তিন সদস্যের স্বাক্ষর দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া নির্বাচনসংক্রান্ত নথিতে পেছনের তারিখ (ব্যাকডেট) ব্যবহার করে স্বাক্ষর করা এবং নথিপত্রে অনিয়মের অভিযোগও শুনানিতে উত্থাপিত হয়।
অভিযোগে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আটাবের প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগও আনা হয়।
শুনানি শেষে এফবিসিসিআইর আরবিট্রেশন বোর্ড পর্যবেক্ষণে উল্লেখ করে, একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নির্বাচনকে ঘিরে এ ধরনের অভিযোগ বাণিজ্য খাতের ভাবমূর্তির জন্য উদ্বেগজনক।
বোর্ডের মতে, ভোটার তালিকা নিয়ে বিতর্ক এবং আপিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকে গেলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। এ কারণে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা এবং আইনসম্মত নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পর আটাবের সাধারণ সদস্যদের একটি অংশ সন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রাভেল এজেন্সি মালিক জানান, তারা দীর্ঘদিন ধরে ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ জানিয়ে আসছিলেন। তাদের দাবি, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন জরুরি।
একই সঙ্গে তারা অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত এবং দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আটাব নির্বাচনের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

