চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের জন্য নতুন কোনো চূড়ান্ত বা সম্ভাব্য তারিখও এখনো নির্ধারণ হয়নি। তবে শিক্ষা বোর্ডগুলোর আশা, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছিল।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্টদের ব্যস্ততা বেড়ে যাওয়ায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েক দিনের বিলম্ব হচ্ছে।
বোর্ড চেয়ারম্যান বলেন, ফল প্রকাশে খুব বেশি সময় লাগবে না। সব প্রস্তুতি সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে। জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত কাজ শেষ করা গেলে এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। একই অনুষ্ঠানে তিনি চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশের লক্ষ্যের কথা জানান।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও শিক্ষা বোর্ডের তথ্যসূত্রে জানা গেছে। ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

