রাজধানীতে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইটভাটাজনিত বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদন এবং যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনে গুরুত্ব দিতে হবে।
রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশও দেন তিনি। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ দেন তিনি।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

