২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ (রোববার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় দীর্ঘ সময় ধরে তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে তারা একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে। বর্তমানে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন যেন নির্ভুল ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দায়ীদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। আমিনুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও খসড়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
মামলায় কারা আসামি হতে পারেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম এসেছে। তবে যাচাই-বাছাই শেষে আসামির তালিকায় পরিবর্তন আসতে পারে।
নিহতদের সংখ্যা ও পরিচয় শনাক্তের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
এর আগে শাপলা চত্বরের ঘটনায় তদন্ত কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে হেফাজতে ইসলামের কয়েকজন শীর্ষ নেতা যোগাযোগ করেন। তাদের মধ্যে সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকে উপস্থিত ছিলেন।

