চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং (Xpeng) দাবি করেছে, খুব শিগগির তারা এমন একটি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে, যা টেসলার সবচেয়ে জনপ্রিয় মডেল ওয়াইয়ের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে এবং বিক্রির দিক থেকে সেটিকে ছাড়িয়ে যেতে পারে।
ফক্সভাগেনের বিনিয়োগ পাওয়া এই চীনা প্রতিষ্ঠানটি এখন ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। এর লক্ষ্য, ইলন মাস্কের নেতৃত্বাধীন টেসলার পাশাপাশি ইউরোপের বিলাসবহুল গাড়ি নির্মাতাদের সঙ্গেও প্রতিযোগিতায় নামা।
বর্তমানে চীনের ইভি বাজারে টেসলা বিওয়াইডিসহ বিভিন্ন স্থানীয় কোম্পানির কঠিন প্রতিযোগিতার মুখে রয়েছে। তবে ছয় বছর আগে বাজারে আসা টেসলার মডেল ওয়াই এখনো বিশ্বের অনেক দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়িগুলোর একটি। চীনের বাজারেও এটি অন্যতম জনপ্রিয় ইভি।
জার্মানির মিউনিখে নতুন গাড়ি উন্মোচন অনুষ্ঠানে এক্সপেংয়ের সহপ্রতিষ্ঠাতা হে শিয়াওপেং বলেন, মডেল ওয়াইকে ছাড়িয়ে যেতে তাদের খুব বেশি সময় লাগবে না বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, চীনা গাড়ি নির্মাতারা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে তারা টেসলার জনপ্রিয় মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা অর্জন করছে।
প্রযুক্তিনির্ভর ইভি নির্মাতা হিসেবে পরিচিত এক্সপেং গত বৃহস্পতিবার তাদের নতুন বৈদ্যুতিক এসইউভি এল০৩ উন্মোচন করেছে। এটি একই সঙ্গে চীন ও ইউরোপের বাজারে ছাড়া হচ্ছে, যা প্রতিষ্ঠানটির জন্য প্রথমবারের মতো এমন উদ্যোগ। গাড়িটির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার ৬০০ ইউরো। অন্যদিকে টেসলার মডেল ওয়াইয়ের প্রারম্ভিক দাম ৩৯ হাজার ৯৯০ ইউরো। ফলে দাম ও শ্রেণির দিক থেকে এল০৩ সরাসরি মডেল ওয়াইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।
চীনের অটোমোটিভ পরামর্শক প্রতিষ্ঠান অটোএক্সিংয়ের প্রতিষ্ঠাতা লেই শিং বলেন, বিক্রির দিক থেকে এল০৩ বড় সাফল্য পেতে পারে। এটি মডেল ওয়াইয়ের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে। তবে শুধু এই একটি গাড়িই মডেল ওয়াইয়ের একমাত্র চ্যালেঞ্জার হবে—এমনটা এখনই বলা যাচ্ছে না।
এক্সপেং শুধু বৈদ্যুতিক গাড়িতেই সীমাবদ্ধ থাকছে না। প্রতিষ্ঠানটি ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি, উন্নত সফটওয়্যার, স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির পাশাপাশি উড়ন্ত গাড়ি ও মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট তৈরিতেও বিনিয়োগ করছে। ভবিষ্যতে এসব প্রযুক্তি ইউরোপের বাজারে আনার পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।
ইউরোপের প্রিমিয়াম গাড়ির বাজারে দীর্ঘদিন ধরে জার্মান ব্র্যান্ড বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ ও আউডির আধিপত্য রয়েছে। ঐতিহাসিকভাবে ইউরোপের বাইরে থেকে আসা গাড়ি নির্মাতাদের জন্য এই বাজারে জায়গা তৈরি করা কঠিন হয়েছে। তবে ভলভো কারসের প্রধান নির্বাহী হাকান স্যামুয়েলসন মনে করেন, চীনা গাড়ি নির্মাতাদের সক্ষমতাকে অবহেলা করার সুযোগ নেই। তিনি বলেন, চীনা গাড়িতে এমন অনেক প্রযুক্তিগত সুবিধা রয়েছে, যা প্রিমিয়াম গাড়ির ক্রেতাদের আকৃষ্ট করতে পারে। তার মতে, এক্সপেং এখন বিএমডব্লিউ, মার্সিডিজ ও আউডির মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতার পর্যায়ে রয়েছে।
ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি তৈরি করতে এক্সপেং সেখানে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এ বিষয়ে ফক্সভাগেনসহ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে কোম্পানিটি। এক্সপেংয়ের সহপ্রতিষ্ঠাতা হে শিয়াওপেং জানান, সম্ভাব্য কারখানাটি জার্মানিতে হতে পারে। এ ছাড়া ২০২৭ সাল থেকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউরোপে তাদের দ্বিতীয় প্রজন্মের ভিশন-ল্যাঙ্গুয়েজ-অ্যাকশন (ভিএলএ) সফটওয়্যার চালুর পরিকল্পনা রয়েছে। এই প্রযুক্তি টেসলার স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করবে।
ইতোমধ্যে এক্সপেংয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ চীনে ফক্সভাগেনের কিছু নতুন মডেলে ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকেও স্মার্ট ড্রাইভিং সফটওয়্যার ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে এক্সপেং।

