ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে করে ময়লা সংগ্রহের নামে যে ফি বা চার্জ নেওয়া হচ্ছে, তা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য সংগ্রহ বাবদ বাসিন্দাদের কাছ থেকে নেওয়া মাসিক অর্থ আদায় বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, সিটি করপোরেশনগুলো ইতোমধ্যে হোল্ডিং ট্যাক্সের সঙ্গে বর্জ্য অপসারণসহ বিভিন্ন সেবার জন্য অর্থ নিচ্ছে। ফলে একই সেবার জন্য বাসাবাড়ি থেকে আলাদাভাবে ভ্যানের মাধ্যমে ময়লা সংগ্রহের ফি নেওয়া আইনসঙ্গত নয়।
রিট আবেদনকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, হোল্ডিং ট্যাক্সের মধ্যেই বর্জ্য অপসারণের খাত অন্তর্ভুক্ত রয়েছে। এরপরও ভ্যানসেবার নামে বাসাবাড়ি থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে, যা বেআইনি। এ কারণে এ ধরনের ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তিনি জানান, বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।
এর আগে বাসাবাড়ি থেকে ময়লার বিল আদায় বন্ধের দাবিতে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথক আবেদন করেছিলেন সালাহ উদ্দিন রিগ্যান। পরে বিষয়টি নিয়ে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। তবে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি হাইকোর্টে রিট করেন।
প্রসঙ্গত, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের অর্থ আদায় নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহকারীদের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে মাসিক টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

