গ্রাহকদের একাংশের অভিযোগ, সম্প্রতি তাদের বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ব্যবহার আগের চেয়ে কম বা অপরিবর্তিত থাকার পরও বিল দুই থেকে তিন গুণ বেশি আসার দাবি করছেন অনেকে। তবে এ ধরনের অভিযোগের সুযোগ নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত বিলের অজুহাতে একটি চক্র অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ঢালাওভাবে গুজব না ছড়িয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ আবেদন করলে যেকোনো ভুল বিলের সমাধান করে দেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানানো হয়, এর আগে যেসব গ্রাহক অতিরিক্ত বিলের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন, তা ইতিমধ্যেই খতিয়ে দেখে সমাধান করা হয়েছে। তাই ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।
মন্ত্রণালয়ের সতর্কবার্তা:
“কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কেবল জনমনে অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভূয়া তথ্য বা অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের উদ্বুদ্ধ করে জানিয়েছে, বিলে কোনো অসঙ্গতি নজরে এলে তারা যেন সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ অফিসে যোগাযোগ করেন।

