জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর শেষে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। এরপর তাঁর সানফ্রান্সিসকো যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের এই সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আনুষ্ঠানিকভাবে একটি নোট পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পার্শ্ব আয়োজন ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তাঁর এই দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে সানফ্রান্সিসকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁদের সঙ্গে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

