বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এমন আবহাওয়া বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল এবং এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা তৈরি হয়েছে।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

